আর মুক্তির তারিখ পেছাতে চান না অনন্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২১:১৪

 বিনোদন রিপোর্ট

 

টিজার, ট্রেলর মুক্তির পর গত দুই বছরের আলোচনায় এখন অনন্ত-বর্ষার নতুন ছবি কবে মুক্তি পাবে সেই অপেক্ষায়। দিন:দ্য ডে ছবিটি নিয়ে আলোচনার এই সময়ে এখন মুক্তির তারিখ পিছিয়েছে কয়েকবার। মূলত করোনা সংকটের কারণে বিশ্বমন্দার এ সময়ে এই রেকর্ড বাজেটের ছবি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। তবে ২০২২ সালের শুরুতেই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন অনন্ত। অনন্ত বলেন, ‘দর্শকের কথা চিন্তা করেই ছবিটির তারিখ পেছানো হয়েছে। কারণ ছবি নির্মাণ করি তাদের জন্যই। আর এ যাবতকালের সর্বোচ্চ বাজেট নিয়ে তৈরি এবারের ছবিটি। তাই এই ছবির মুক্তি নিয়েও আমাদের বিশদ পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে মোট ২২টি দেশে মুক্তি পাবে ছবিটি। কারণ এটি ইরান বাংলাদেশ যৌথ একটি ছবি এবং ছবিটির বিপণনের কাজ করছে বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান।’

উল্লেখ্য, একইসঙ্গে বর্ষাকে কেন্দ্র করে নেত্রী:দ্য লিডার ছবিটিও তৈরি হচ্ছে। এরই ভেতরে থাইল্যান্ড, তুরস্ক, মালয়শিয়াসহ একাধিক দেশে ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবিটির নির্মাতা ও প্রযোজক হিসেবে অনন্ত বলেন, ‘আমরা অনেকদিন ধরে ছবি রিলিজ দিচ্ছি না। দর্শকেরাও অপেক্ষা করে আছেন। আশা করছি দর্শকদের এই অপেক্ষার ফল মিষ্টি হবে। কারণ এমন দারুণ গল্প আর নির্মাণের ছবি এর আগে বাংলাদেশি দর্শকরা দেখেননি।’