২৫০ কোটি টাকায় ওটিটিতে ৪ সিনেমা!

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২১:১৫

 বিনোদন ডেস্ক

 

কিছুদিন আগেই খবর প্রকাশ হয়েছিল বিগ বাজেটের ৪টি বলিউড সিনেমার প্রচার সত্ত্ব কিনতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম  অ্যামাজন প্রাইম ভিডিও। এবার সেই গুঞ্জন সত্যি হলো। অক্ষয় কুমার, রানি মুখার্জি, রণবীর অভিনীত ‘বান্টি অর বুবলি ২’, ‘পৃথ্বীরাজ’, ‘শ্মশেরা’ ও ‘জয়েশভাই জর্দার’  সিনেমাগুলো দেখা যাবে অ্যামাজনে। সিনেমাগুলো হলে মুক্তির ৪ সপ্তাহ পর অ্যামাজনে অবমুক্ত করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। জানা গেছে, ২৫০ কোটি রূপিতে সিনেমাগুলোর প্রচার সত্ত্ব কিনে নিয়েছে প্লাটফর্মটি। যদিও অনেকে এই মূল্যকে অনেক কম বলে সমালোচনা শুরু করেছেন। তবে অ্যামাজন জানিয়েছে, যদি হলে মুক্তির আগে তারা কিনতো তাহলে অনেক বেশি মূল্য দিতো। কিন্তু হলে মুক্তির ৪ সপ্তাহ পর হওয়ার কারণে এটিকে ন্যায্য মূল্য বলেই মনে করছে অ্যামাজন কর্তৃপক্ষ।

এদিকে যশরাজ ফিল্মস আশা করছে ৪টি সিনেমাই হলে দারুণ ব্যবসা করবে। এছাড়া অ্যামাজন অন্যান্য প্লাটফর্মের চেয়ে এগিয়ে থাকার কারণে সেখানেও সফল হবে সিনেমাগুলো। এদিকে অ্যামাজনও আশাবাদী সিনেমাগুলো নিয়ে। তারা মনে করছে সিনেমাগুলো বক্স অফিস হিটের পাশাপাশি ওটিটিতেও দর্শকপ্রিয় হবে। কারণ করোনাকালে ওটিটি মাধ্যমগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া অ্যামাজন সেই তালিকার শীর্ষের দিকে রয়েছে। অন্যদিকে সিনেবোদ্ধারা মনে করছেন, যশরাজ ফিল্মসের এই সিদ্ধান্ত যুগোপযোগী। কারণ করোনার কারণে দর্শকরা হলবিমুখ হয়েছে। ওটিটির দিকে ঝুঁকে পড়েছে। ফলে হলের পাশাপাশি ওটিটিতে মুক্তি দিলে প্রযোজকরা লাভের মুখ দেখতে পারবেন।