কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনসহ চার আসামির প্রত্যেককে ফের পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা গতকাল শুক্রবার বিকাল ৩টায় এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডি-কুমিল্লার পরিদর্শক আবদুল হাকিম বিকাল ২টা ৪৮ মিনিটে ঐ আদালতে আসামিদের হাজির করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমাণ্ডের আবেদন দাখিল করেন। রিমাণ্ড আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সিআইডি-কুমিল্লার সহকারী পুলিশ সুপার এনামুল হক। এদিকে শুক্রবার বিকালে সিআইডি-কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে, পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বের হয়ে আসবে বলে আশা করছি। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়া দীঘির পাড়ে পবিত্র কোরআন অবমাননা ও পরবর্তী সময় মন্দিরে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় জেলায় এ পর্যন্ত মোট ১১টি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় সাতটি, সদর দক্ষিণ মডেল থানায় দুইটি এবং দাউদকান্দি ও দেবিদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১ হাজার ১০ জনকে আসামি করা হয়, এদের মধ্যে এজাহারনামীয় ৪৪ জনসহ মোট ৮৯ জন গ্রেফতার হয়েছে।
