নীলফামারীর রোমেল শাহারিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করছেন ইন্টারনেট ও সফটওয়্যার সেবাদানকারী বহুজাতি প্রতিষ্ঠান গুগলে। গত ১০ অক্টোবর তাকে নিয়োগপত্র দেওয়া হয়। আগামী ১ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত গুগলের হেড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে লকার প্রজেক্টে যোগ দেবেন তিনি। জেলা সদরের প্রগতিপাড়া এলাকার মৃত ডা. সৈয়দুল আলমের ছেলে রোমেল। সাত বছর বয়সে বাবা মারা যাওয়ার পর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কাছে বড় হন তিনি।
ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স শেষ করেন ২০০৬ সালে। এরপর সিএ করতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা শেষ করেন ২০১২ সালে। বেশ কয়েকটি আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পাশাপাশি সফলভাবে শেষ করেন বিভিন্ন আইটি প্রফেশনাল কোর্স। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০১ সালে ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পড়াশোনা শেষ করে স্টুডেন্ট ভিসায় চলে যান লন্ডনে সিএ পড়তে। কিছুদিনের মাথায় ডিভি লটারির মাধ্যমে স্ত্রীসহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। রোমেল শাহারিয়ার বলেন, ‘আসলে কখনো চিন্তা করিনি গুগলে আমার মতো নন সিএসই ব্যাকগ্রাউন্ডের ছেলে জব পাবে। বাংলাদেশে মানবিক বিভাগের ছেলে মেয়েরা কখনো ডাক্তার হতে পারে না। সেই সিস্টেমই নেই, ঠিক তেমনি কমার্সের ছেলেমেয়েরা বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু উন্নত দেশগুলোতে আপনার যোগ্যতা থাকলে আপনি ইচ্ছা করলে ডাক্তারি পড়তে পারবেন আর আমার মতো কমার্স ব্যাকগ্রাউন্ড হয়েও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করতে পারবেন।’ জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ছোট ভাইয়ের ছেলে রোমেল খুবই মেধাবী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পড়াশোনা করলেও তার নিজস্ব চেষ্টায় সে যে অসাধ্য সাধন করেছে তা প্রশংসনীয়।
