ইত্তেফাক রিপোর্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শীতের আগেই গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেওয়া, আশুলিয়ার সড়ক সংস্কার ও শ্রমিকদের জন্য রেশনের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিকরা। গতকাল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের যৌথ উদ্যোগে উপজেলার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জি-স্কপ, সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির যুগ্ম সমন্বয়কারী শ্রমিকনেতা অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ ও পরিচালনা করেন আইবিসি শিল্পাঞ্চলের সদস্যসচিব সরোয়ার হোসেন।
বক্তারা বলেন, করোনাকালে গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে গেলেও এখনো তাদের টিকা নিশ্চিত করা হয়নি। তাই অবিলম্বে শীতের আগেই তাদের টিকা নিশ্চিত করতে হবে। এ সময় তারা শ্রমিকদের রেশনিংসহ মহার্ঘ ভাতা চালুর দাবি জানান।
