ধানমন্ডি লেকে ১১ স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:০৩

ইত্তেফাক রিপোর্ট

ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও জনগণের হাঁটার পথ (ওয়াক-ওয়ে) নির্মাণের জন্য টানা দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বৃহস্পতিবার করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।  দ্বিতীয় দিনের অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিং-সংবলিত আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ মোট ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া এ সময় ৪৭ নম্বর হোল্ডিয়ে আকাশ ডেভেলপমেন্ট লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশ বেশির ভাগ ভেঙে ফেলা হয়েছে। পরে এ প্রতিষ্ঠানটি আগামী তিন দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের ‘স্পেস লেক ক্যাসল’ নামক বাড়িটির অবৈধ বর্ধিতাংশ আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদের সেই সময়ের ভেতর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। অভিযানের বিষয়ে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের লক্ষ্যে আমরা দ্বিতীয় দিনের মতো  অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক-ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।