সরকারি প্রাথমিক বিদ্যালয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪২টি প্রধান শিক্ষক এবং ৮২টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। শিক্ষক কম থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘ দিন যাবত্ এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১২৪ পদ শূন্য রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকার কারণে বর্তমানে দায়িত্ব পালনকারী শিক্ষকরা বিপাকে পড়েছেন। তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। বেশিসংখ্যক ক্লাস নেওয়ার কারণে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। এছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তাকে দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। ফলে তিনি নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে করে শিক্ষক সংকট আরো প্রকট হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ জানান, সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও করোনার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে। করোনা নিয়ন্ত্রণে এলে দ্রুতই নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষকের পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষকের পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
