চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর কবরস্থানের পাশের সড়কটিতে বিশাল গর্তে বেহাল অবস্থা। জানা যায়, উপজেলার নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়ন ছাড়াও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সঙ্গে চাটমোহর উপজেলা সদরের যোগাযোগের সড়ক এটি। ইতিপূর্বেও সড়কটি ভেঙে যায়। তখন কিছু ইট ফেলে গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। তাতে সেখানকার ছোট স্লুইসগেট বন্ধ হয়ে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসী কয়েকদিন আগে স্লুইসগেটের নিচে গর্ত করে পানি বের করে দেয়। এরপরই সড়কের অংশ ধসে পড়ে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসী এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য একমাত্র পাকা সড়ক। কয়েক দফা সড়কটি ভেঙেছে, অথচ এলজিইডি অফিস কোনো ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে, সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. সুলতান আহমেদ বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এখন কী করা যায়, তা নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
