নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইলে আগাম লাউ চাষ করেছে স্থানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। অন্যদিকে বাজারে দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় উপজেলায় লাউয়ের আবাদ ক্রমশই বৃদ্বি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন লাউয়ের আবাদ হয়েছে। চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের আবুল কালাম বলেন, এবার ৩৫ শতক জমিতে লাউ চাষ করেছি। খরচ হয়েছে ১০ হাজার টাকা। এখন পর্যন্ত ৪৫ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আশা করছি আরও ২০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবো। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি জানান, এলাকার কৃষকরা গ্রীষ্মকালীন লাউ চাষ করে বেশ লাভবান হওয়ার পাশাপাশি সবজির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বাজারে লাউয়ের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা কীটনাশকমুক্ত বিভিন্ন সবজি চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
