বেড়ায় লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা বেড়েছে

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৩

বেড়া (পাবনা) সংবাদদাতা

শরত্ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। ভোরে হালকা কুয়াশার দেখা মিলছে। ঘাসের ওপর পড়ছে শিশির। এর মধ্যেই উত্তরাঞ্চলের উপজেলা বেড়ায় শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাত নামলেই গায়ে হালকা শীত অনুভূত হয়। কাঁথা বা হালকা কম্বল গায়ে এখনো না লাগলেও শীতের ভাবটা কার্তিকের শুরুতেই টের পাওয়া যাচ্ছে। আসছে শীতের হাত থেকে বাঁচতে অনেকেই আগেভাগেই লেপ-তোশক-কম্বলের দোকানে ভিড় করছে। ফলে ব্যস্ততা বেড়েছে এসব কারিগরদের। সরজমিনে দেখা যায়, উপজেলায় কাপড়ের দোকানগুলোতে দোকানিরা কম্বল তুলতে শুরু করেছে। লেপ-তোশকের দোকানেও বেড়েছে নতুন লেপ বানানোর চাহিদা। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকেই। বেড়া বাজারের বক্কার বেড শেডের স্বত্বাধিকারী আল মামুন জানান, তার দোকানে দুই জন কারিগর রয়েছে। প্রতিদিন ১০-১২টা লেপ তৈরি করতে হচ্ছে। তাই কারিগরদের দম ফেলার সময় নেই। অন্য একটি দোকানের কারিগর রাজু বলেন, ভাই এখন সারা দিনই লেপ বানাতে হয়। কদিন আগেও এত ব্যস্ত ছিলাম না। লেপ তৈরির পাশাপাশি অনেকেই কম্বলের দোকানগুলোতে ছুটছে।