হোসেনপুরে শীতকালীন সবজির চাষ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৩

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুরে চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আর্থিকভাবে লাভবান ও স্থানীয় চাহিদা মেটাতে ইতিমধ্যে কৃষকরা উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ করেছে। সবজির মধ্যে আলু, মরিচ, মিষ্টিকুমড়া, লাউ, মুলা, সিম, ফুলকপি, বাঁধাকপি, সরিষা ও পালং শাক উল্লেখযোগ্য। সরজমিনে দেখা যায়, উপজেলার রামপুর, দাপুনিয়া, ডাহরা, রহিমপুর, চরজামাইল, কাওনা, ভরুয়া, চরবিশ্বনাথপুর, চরহাজিপুর, সাহেবেরচর এলাকায় ব্যাপকভাবে বিভিন্ন জাতের সবজির চাষ করেছেন কৃষকরা। কৃষক আবু তাহের জানান, গত বছর আগাম সবজির আবাদ করে ভালো মুনাফা পাওয়ায় এ বছরও বিভিন্ন জাতের সবজির আবাদ করেছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস বলেন, উপজেলায় ১৩০ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে। গত বছর কৃষকরা আগাম সবজি আবাদ করে লাভবান হওয়ায় এ বছরও তারা সবজি আবাদ করেছে। কৃষকরা সবজি উত্তোলনের পর সরিষা চাষাবাদ শুরু করবেন। এরপর শুরু হবে বোরো মৌসুম। এদিকে বৃহস্পতিবার বিকালে জগদল ব্লকে শীতকালীন সবজির মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ছাইদুল আলম।