ইন্দুরকানীতে কলার ব্যাপারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৩

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পত্তাশীর রামচন্দ্রপুর গ্রামের সীমান্তবর্তী দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (৫৫) উপজেলার পার্শ্ববর্তী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের আমজেদ হোসেন হাওলাদারের ছেলে। তিনি কলা ও সুপারির ব্যাপারী ছিলেন।

নিহত জাকিরের ছেলে ইমরান হোসেন জানান, তার বাবা ইন্দুরকানীর পত্তাশী বাজারে সুপারি বিক্রির জন্য যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মরা বলেশ্বর খালের পাড়ে রামচন্দ্রপুর প্রান্তে তাকে কুপিয়ে ফেলে রাখে খুনিরা। স্থানীয়রা তাকে প্রথমে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির বলেন, পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী জাকির হোসেনকে হত্যা করা হয়ে থাকতে পারে। অপরাধীদের আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।