ফরিদগঞ্জ থানায় জনবল সংকট

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৪

যানবাহনও অপ্রতুল

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর জেলার আট উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলাটি আয়তনে ও লোকসংখ্যায় সর্ববৃহত্। অথচ ফরিদগঞ্জ থানায় রয়েছে জনবল সংকট আর নেই পর্যাপ্ত সংখ্যক পুলিশের যানবাহনও। এ জনপদে ১৮০টি গ্রাম রয়েছে। হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি হাসপাতালসহ ৬৩টি প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবায় নিয়োজিত। ৩০-৩৫টি বাজার রয়েছে। বিপুল পরিমাণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। বিপুল জনসংখ্যা ও প্রতিষ্ঠান থাকায় স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলার প্রয়োজনীয়তা বেশি। তাই সচেতন মানুষজন ৮০-এর দশক থেকেই উপজেলার গল্লাক এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি করে আসছে। বহুবার মানববন্ধন করেছে। কিন্তু দাবি বাস্তবায়নের আশার মুখ এখনো দেখেনি। এদিকে গৃদকালিন্দিয়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও জনবলের অভাবে গুটিয়ে নিতে হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, এ থানায় বর্তমানে অনুমোদিত পদ সংখ্যা রয়েছে ৫৯টি। ইন্সপেক্টর দুই জন, এসআই ৯ জন, এএসআই ১৫ আর কনস্টেবল ৩০ জন, বাবুর্চি একজন ও সুইপার একজন কর্মরত আছে। একটি পাঁচতলা ভবন নির্মাণ কার্যক্রম প্রস্তাবাধীন রয়েছে। থানা ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে ভবন নির্মাণের। জনসংখ্যানুপাতে ও পার্শ্ববর্তী তিনটি থানা রামগঞ্জ, রায়পুর ও হাজীগঞ্জ থানার কানেক্টিভিটি থাকায় অপরাধীরা অনেকটা সহজে অপরাধ সংঘটিত করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। তবে আমি স্বাধ্যমতো আইনশৃঙ্খলা রক্ষায় চেষ্টা অব্যাহত রেখেছি। জনবল আর যানবাহন সংকটের বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।