রৌমারীতে বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় দুর্ভোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৪

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী থেকে ঝগড়ারচর পর্যন্ত বেড়িবাঁধটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৩০ হাজার মানুষকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০টি গ্রাম। প্রতি বছর বন্যার পানিতে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। সরজমিনে জানা যায়, ১৮ বছর আগে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী থেকে ঝগড়ারচর ডিসি সড়ক পর্যন্ত সোয়া ছয় কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এরপর থেকে বন্যার পানির স্রোতে বিভিন্ন স্থান ভেঙে খাদের সৃষ্টি হয়। ঝগড়ারচর ক্ষুদ্র পানি সম্পদ (পাবসস) কমিটির সম্পাদক মিজানুর রহমান জানান, ২০১৫-১৬ অর্থবছরে ১৩ লাখ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৩ লাখ টাকা বেড়িবাঁধটি সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। এত অল্প বরাদ্দ দিয়ে বাঁধ সংস্কারকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম কাজল জানান, ঐ ব্লকে ১ হাজার হেক্টরের বেশি জমিতে ফসল উত্পাদন হয়। বন্যার পানিতে প্রতি বছর ফসল নষ্ট হচ্ছে। উপজেলা সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উল বলেন, এ বিষয়ে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, এলাকাবাসী আবেদন করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।