তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জে শুক্রবার সকালে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সালমা আক্তার পুটি (৪৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামে। ঘটনার পর নিহতের স্বামী আব্দুল্লাহকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত-ই-রাব্বানী, রংপুর পিবিআই টিম ও সিআইডি টিম। পার্শ্ববর্তী মন্ডলপাড়া গ্রামে বসবাসরত পুটির ছোট ভাই ভুট্টু মিয়া বলেন, আমার বোন দুলাভাই আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী হোসনেআরার সংসারে আশরাফুল ইসলাম ফকির নামের এক ছেলেসন্তান রয়েছে। বেশ কয়েক দিন ধরে আমার বোনের সঙ্গে তাদের গরু বিক্রির টাকা ও বসতভিটার জমি নিয়ে মনোমালিন্য চলে আসছিল। ধারণা করা হচ্ছে, আব্দুল্লাহ ও তার ছেলে ফকির মিলে আমার বোনকে হত্যা করেছে। ঘটনার পর শুক্রবার ভোররাতে ভাগনে লাভলু (১৫) ও শাহীন (১৩) আমার বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এখানে চলে আসি। আব্দুল্লাহকে সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে এসেই তাকে বেঁধে রাখি। পরে পুলিশ এসে নিয়ে যায়। তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে শুক্রবার সকাল ৬টায় ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল্লাহকে আটক করে থানায় আনা হয়েছে।
