সৈয়দপুরে তৈরি হচ্ছে নিম্নমানের কয়েল

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে তৈরি হচ্ছে নিম্নমানের মশার কয়েল। সরজমিনে জানা যায়, শহরের গোলাহাট, মিস্ত্রিপাড়া, ইসলামবাগ, টার্মিনাল, কাজীরহাটসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০/৬০টি মশার কয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েলও তৈরি হয়। বিএসটিআইয়ের অনুমতি তালিকার বাইরে বাজারে সেভেন ভোস্টার, সুপার ডিসকভারি, প্যাগোডা, গোল্ড, তুলসীপাতা, সেফগার্ড, লিজার্ড মেগা, বস সুপার, ম্যাজিক, সোলবি, মাছরাঙা, মেঘাসহ বিভিন্ন ব্র্যান্ডের নিম্নমানের কয়েল বিক্রি হচ্ছে। এসব কয়েলের গায়ে ঢাকা, ভৈরব কিংবা চট্টগ্রাম লেখা থাকলেও পূর্ণাঙ্গ কোনো ঠিকানা নেই। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক বোরহান উদ্দীন জানিয়েছেন, শিগিগরই অনুমোদনহীন কয়েল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, কয়েলে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট বা কেমিক্যাল ব্যবহারের ফলে ক্যানসার, শ্বাসনালীতে প্রদাহসহ বিকলাঙ্গের মতো ভয়ানক রোগ হতে পারে। এমনকি গর্ভের শিশুও এতে ক্ষতির শিকার হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন বলেন, নিম্নমানের কয়েলের ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খুব শিগিগরই আবারও অভিযান পরিচালনা করা হবে।