লাউয়াছড়ায় দখলকৃত ছয় একর বনভূমি উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যান সংলগ্ন কালাছড়া বনবিটের ভেড়াছড়া এলাকা থেকে জবরদখলকৃত ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে। পুলিশি সহায়তায় বৃহস্পতিবার দিনভর অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ওয়াইল্ড লাইফ) অধীনস্থ ভূমি উদ্ধার করে গাছের চারা রোপন করা হয়।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর দিক নির্দেশনায় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, সব বনবিট কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বনকর্মী, সিপিজি ও ভিলেজারের সহযোগিতায় জবরদখলকৃত প্রায় ছয় একর বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভূমিতে কদম ও আকাশমনি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ভূমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষা করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।