ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মো. শাহীন হাওলাদারের লেপ-তোষকের দোকান, মো. শাহআলম ও মো. সজল গার্মেন্টসের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে মো. সাজ্জাদ হোসেনের গার্মেন্টসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ভাণ্ডারিয়া বাজারে আব্দুল রব মাওলানা সড়কে শাহীনের লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর এবং ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান। জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
