চট্টগ্রামে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর
চট্টগ্রাম অফিস চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর। প্রস্তাবিত স্মৃতিসৌধের জন্য ৩০ একর সরকারি জমি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের গুরুত্ব বাড়বে, ব্যাপক উন্নয়ন হবে। এ নিয়ে ইতিমধ্যে আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। বিস্তারিত আলোচনাও হয়েছে। তিনি আন্তরিকতার সঙ্গে সম্মতি দিয়েছেন। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। তারা দেশ স্বাধীন করেছেন। কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শুক্রবার শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পি ফোর ডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মো. আবদুল জলিল ও পি ফোর ডি প্রকল্পের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন।
সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, বগুড়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন করেছে টিআইবির অণুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটির(সনাক) বগুড়া জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সনাকের বগুড়া শাখার সাবেক সভাপতি ও লেখক বজলুল করিম বাহার। মানববন্ধন শেষে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সনাক কিছু সুপারিশ উপস্থাপন করে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রদান
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে শুক্রবার দুপুরে কবি সম্মাননা প্রদান করা হয়েছে। কবি শোয়েব শাদাবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। কবি ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোক সম্পাদক অনিকেত শামীম।
আগাম জাতের রোপা আমন কাটা শুরু
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা মহাদেবপুরে চলতি মৌসুমে আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় এবার রোপা আমনের ভালো ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মীর আমজাদ হোসেন জানান, উপজেলায় এবার ২৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৫ হেক্টর বেশি জমিতে রোপা আমন চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, উপজেলায় এবার ৬৫ হাজার ৬৮ মেট্রিক টন রোপা আমন ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বজ্রপাতে নিহতদের পরিবার পেল অনুদানের চেক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জে বজ্রপাতে নিহত ছয় জনের পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া আর্থিক অনুদানের চেক ঐসব পরিবারের মধ্যে বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
