এএফপি
কঙ্গো সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। ঐ এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে তাদের চার সৈন্যও প্রাণ হারিয়েছেন।
কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দুটি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়। এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে. জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাঁচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’ তিনি বলেন, সেখানে ‘আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ঐ এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।
