এএফপি
ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে বৃহস্পতিবার মারিব শহরের কাছে এক বিমান হামলায় ৯৫ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। গত ১১ অক্টোবর থেকে নিয়মিত ঐ শহরে বিমান হামলা চালাচ্ছে জোটটি। এতে সবমিলে প্রায় ২ হাজার ইরান সমর্থিত হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট।
সৌদি জোটের বিবৃতিতে বলা হয়, মারিবের কাছে দুটি জেলায় মোট ২২টি অভিযান চালানো হয়। এতে ৯৫ ‘সন্ত্রাসী’ নিহত এবং ১১টি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযান শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরো তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনো মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং এক সময়ের স্বচ্ছল এই দেশ।
