করোনায় এক দিনে সংক্রমিত ৩০৫

ছয় জেলায় সাত মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০:২৭

দেশে গত এক দিনে ৩০৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ছয় জেলায় সাত জনের। এরমধ্যে তিন জনই ঢাকা বিভাগের। আর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন এক জন করে। আবার ঢাকা বিভাগের তিন জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় আর অন্য জন ছিলেন ফরিদপুরের বাসিন্দা। বাকি তিন জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায়, রাজশাহী বিভাগের রাজশাহী জেলায়, খুলনা বিভাগের মেহেরপুর জেলায় আর বরিশাল বিভাগের বরিশাল জেলায় এক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৫৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই-তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের তিন জন ঢাকার বাসিন্দা ছিলেন। আগের দিন বৃহস্পতিবার দেশে ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ছয় জনের। সেই হিসেবে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫০ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুই জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, এক জনের বয়স ৩১  থেকে ৪০ বছর, ২১ জনের বয়স ৩০ বছর, এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের  মধ্যে। তাদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী; সাত জনই সরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।