ইউপি নির্বাচন

শ্রীনগরে এক প্রার্থীর সমর্থকদের ওপর আরেক প্রার্থীর হামলা আহত ২০

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলী আকবরসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আনারস প্রতীকের প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার প্রচারণা চালাচ্ছিলেন আলী আকবর। দুপুরে ব্রাহ্মণখোলা এলাকায় প্রচারণার সময় তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় জাকির হোসেনসহ ২০-২৫ জন। এ সময় প্রচারণায় ব্যবহূত অটোরিকশা ভাঙচুর চালায় হামলাকারীরা। হামলায় প্রার্থী আলী আকবরসহ (৫৬), ওসমান (৬০), কাজল (৫৭), আলমগীর (৪২), সিফাত (১৯), দেলোয়ার (৩৮), ইমন (৩৫), দিপু (১৮) মাহবুব শেখসহ (৩৫) অন্তত ২০ জন আহত হয়। পরে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রার্থী আলী আকবরকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক শারমিন আক্তার জানান, হাসপাতালে ১৭ জনকে চিকিত্সা দেওয়া হচ্ছে। আলী আকবরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান হামলার বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।