বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সংবিধান শেষ করে দিয়েছে। সংসদ, বিচার ব্যবস্থা, প্রশাসনকে দলীয়করণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে-এটা তাদের পুরোনো অভ্যাস। এজন্য সবার আগে আওয়ামী লীগের বিচার হবে। তারা একটি বিকলাঙ্গ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রণীত ‘জাতিসত্তার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তৈমুর আলম খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাত্ করেন। দ্রুতই যেন বেগম জিয়া মুক্ত হয়ে ফিরতে পারেন—এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
