কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ : বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিদেশি সাহায্য না এলেও আমরা নিজস্ব অর্থে মোকাবিলা করতে পারব। যুক্তরাজ্যের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলন বা কপ-২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকার ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যান ও অ্যাকশন প্ল্যান প্রণয়ন, ৭০০ কোটি টাকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলোর বাস্তবায়ন সফলভাবে এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কৃষিকে এই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আমরা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। মানুষের ভাত বেশি খাওয়ার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে—এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে দাবি করে কৃষিমন্ত্রী বলেন, ‘মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি বলিনি।’
বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।
