বাংলাদেশের সাম্প্রতিক সামপ্রদায়িক হামলার ঘটনায় বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঐ বিবৃতিতে তিনি বলেছেন, ঐ সহিংসতার সময় কেউ ধর্ষণের শিকার হননি এবং একটি মন্দিরেও অগ্নিসংযোগ কিংবা ধ্বংস করা হয়নি।
মন্ত্রী বলেন, এই সহিংসতা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে ঐ ঘটনায় মাত্র ছয় জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে চার জনই মুসলমান। সহিংসতার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তারা নিহত হন। দুই জন হিন্দু মারা যান, তাদের এক জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যজন পুকুরে ঝাঁপ দেওয়ার কারণে ডুবে মারা গেছেন। বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে। এসব ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই হওয়া উচিত ছিল না। এসব ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সহিংসতায় যে ২০টি ঘর পুড়ে গেছে সেগুলো পুনর্নির্মাণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিপূরণও পেয়েছেন। আরো ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী বলেন, মণ্ডপে দেবতার পায়ের কাছে পবিত্র কোরআনের কপি রাখা ব্যক্তিটি মাদকাসক্ত। সে সময় মন্দিরের ভেতরে কোনো উপাসক বা আয়োজক ছিলেন না। পরে অন্য আরেক ব্যক্তি কোরআনের ঐ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এর ফলশ্রুতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
