ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাসিট্রর জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন। গতকাল শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৬ বছর। এনডিটিভির খবরে বলা হয়েছে, নিজস্ব জিমে ব্যায়াম করার সময় হূদরোগে আক্রান্ত হন পুনিত। পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পুনিতের মৃত্যুতে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিসহ ভারতের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে পুনিতের বড় ভাই জনপ্রিয় অভিনেতা শিব রাজকুমার ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুনিত কুমার কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে ‘পাওয়ার স্টার’ হিসেবে পরিচিত ছিলেন। অভিনয়ের পাশপাশি ছবি প্রযোজনাও করেছেন এই অভিনেতা। সম্প্রতি পুনিত রাজকুমার শেষ করেন ‘জেমস’ ছবির কাজ। তার শেষকৃত্য হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। গতকাল ওই স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হন তার হাজার হাজার ভক্ত। কর্ণাটক সরকার জানিয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় পুনিতে শেষকৃত্য সম্পন্ন হবে।
