রানি দ্বিতীয়এলিজাবেথকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিত্সকদের

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০:৪২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। এই সময় কোন সরকারি কাজকর্ম বা সরকারি সফরে কোথাও যেতে পারবেন না ৯৫ বছর বয়সী রানি। গতকাল শুক্রবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের

এক সপ্তাহেরও বেশি সময় আগে রানি দ্বিতীয় এলিজাবেথ এক রাত হাসপাতালে কাটিয়েছিলেন। তখন জানানো হয়েছিল যে তিনি প্রাথমিক চিকিত্সা নিতেই হাসপাতালে গিয়েছিলেন। প্যালেস চিকিত্সকদের বরাত দিয়ে জানিয়েছে, রানিকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি ডেস্কভিত্তিক কাজ এবং ভার্চুয়াল বৈঠক করতে পারবেন। তবে কোনো ধরনের পরিদর্শনে যেতে পারবেন না। চিকিত্সকদের পরামর্শের কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ আগামীতে কয়েকটি উত্সবে অংশ নিতে পারবেন না বলে বিবৃতি জানিয়েছে প্যালেস। রাজপ্রাসাদের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, রানির মানসিকভাবে সুস্থ আছেন। তিনি হালকা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার থেকেই রানি দ্বিতীয় এলিজাবেথ হালকা কাজকর্ম শুরু করেন। তিনি দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।