কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সব উপজেলা-ইউনিয়ন কমিটি বিলুপ্ত

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:০৪

কুমিল্লা দক্ষিণ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে একই সময়ে এসব কমিটি বিলুপ্তির ঘোষণায় জেলা-উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের কেউ কেউ মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. নাদিমুর রহমান শিশির ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা এবং আন্দোলন সংগ্রামে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলার অধিভুক্ত সকল উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 

এদিকে এমন সিদ্ধান্তের খবরে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের অনেকের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলছেন, অধিকাংশ এলাকায় দীর্ঘ বছর ধরে কমিটি সক্রিয় না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা চলছে, তাই দলে গতি আনতে বেছে বেছে ত্যাগী ও ভালো নেতাকর্মী সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এতে দল আরও চাঙ্গা হয়ে ওঠবে। 

শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলের জেলা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই দক্ষিণ জেলার সকল উপজেলা ও ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে।   

ইত্তেফাক/ইআ