মিয়ানমারে থান্টলাং শহরে সেনাবাহিনীর গোলাবর্ষণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:৪৪

বহু বাড়িঘরে আগুন, প্রাণভয়ে এলাকা ছেড়েছে বহু মানুষ

আলজাজিরা, এএফপি

মিয়ানমারের চিন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী মানুষের বাড়িঘর লক্ষ্য করে আবারও গোলাবর্ষণ করেছে। এতে করে বহু ঘরবাড়িতে আগুন লেগে গেছে। প্রাণভয়ে বেশির ভাগ মানুষই এলাকা ছেড়ে চলে গেছে। নতুন করে দমনপীড়নের অংশ হিসাবেই এমন তাণ্ডব চালানো হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিন রাজ্যের থান্টলাং শহরে স্থানীয় আত্মরক্ষা বাহিনীর সঙ্গে সেনাসদস্যদের সংঘর্ষ হয়। এরপরই ভারী গোলাবর্ষণ চালায় সেনারা। থান্টলাং থেকে পালিয়ে আসা এক বাসিন্দার সঙ্গে কথা হয় ফরাসি সংবাদমাধ্যম এএফপির। তিনি বলেন, এক সেনাসদস্যকে আটকের জেরে ঘটনার সূত্রপাত হয়। ‘ঐ এলাকায় প্রচণ্ড গোলাগুলির কথা জানতে পেরেছি। সাধারণ মানুষের ওপর কামান নিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে ৮০ থেকে ১০০ ঘর ধ্বংস হয়ে গেছে’। সংবাদমাধ্যমকে তিনি আরো জানান, ‘আমরা জানি না আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কি না’। তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, পাহাড়ের ভেতরে থাকা বাড়িঘর থেকে কালো ধোঁঁয়া ছড়াতে দেখা গেছে। হামলার নিন্দা জানিয়ে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে দাবি করেছে, সেনারা হামলার পর কমপক্ষে ১০০ বাড়ি জ্বালিয়ে দিয়েছে। স্থানীয়রা সেখানে আর ফিরতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এই সংস্থাটি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে সেনারা। তাদের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজারের বেশি মানুষ।