লেবাননের মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:০৭

বিবিসি ও আলজাজিরা

লেবাননের এক মন্ত্রীর ‘অপমানজনক মন্তব্যের’ প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদ। বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি লেবানন থেকে সব ধরনের পণ্যের আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বাহরাইনও তাদের দেশ থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

কয়েক দিন আগে প্রচারিত লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক সাক্ষাত্কারই সৌদি আরবকে ক্ষেপিয়ে তুলেছিল। আগস্টে রেকর্ড হওয়া ঐ সাক্ষাত্কারে কোরদাহি ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ‘আগ্রাসন চালাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সাত বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। মন্ত্রী হওয়ার আগে দেওয়া সাক্ষাত্কারটিতে কোরদাহি ইয়েমেনের যুদ্ধকে ‘অনর্থক’ অভিহিত করে বলেছিলেন, হুতিরা কেবল ‘আত্মরক্ষাই’ করছে। সাক্ষাত্কারটি প্রচারিত হওয়ার পর লেবাননের সরকার বলেছে, এসব কোরদাহির ব্যক্তিগত মন্তব্য, সরকারের অবস্থানের প্রতিফলন নয়।