বরিশালে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৫

বরিশাল অফিস

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর প্ল্যানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত একটি রূপরেখা দিয়েছেন এবং ২১০০ সালের জন্য ডেলটা প্ল্যান। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং ডেতে এই আহ্বান, দেশের সাম্প্রদায়িক শক্তি রুখে দিতে কমিউনিটি পুলিশের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধভাবে সময়মতো উদ্যোগ নিবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ডিজিএফআই-এর পরিচালক কর্নেল এম এ সাদি, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমামুল হাকিম, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির প্রামাণিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।