হত্যা মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। শনিবার দুপুরে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিরাই আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়া তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর অসীম চন্দ্র দেব। তিনি বলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া নামের একজন নিহত হন। এ ঘটনার প্রধান আসামি দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে শনিবার আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৩টায় সুনামগঞ্জের দিরাই থানায় তাকে হস্তান্তর করা হয়।
