চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকৃতিতে এসেছে শীতের ছোঁয়া। শীতের আগমনে চাটমোহরে খেজুরগাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের তীব্রতা দেখা না দিলেও এরই মধ্যে উপজেলায় অনেক গাছি খেজুরের রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। এলাকার গাছিদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এসেছেন গাছিরা। খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন রস সংগ্রহের জন্য। সরজমিনে দেখা যায়, দিনের বেশির ভাগ সময় তারা গাছ প্রস্তুত করতে ব্যস্ত থাকছেন। গাছগুলোর পুরোনো ডালপালা কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। নাটোরের লালপুর থেকে এসেছেন গাছি আফতাব হোসেন, আবুল হোসেন ও সাজদার হোসেন। তারা উপজেলার গুনাইগাছা ও বিলচলন ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশের ২ শতাধিক খেজুর গাছে এবার রস সংগ্রহ করবেন এবং গুড় তৈরি করবেন। গাছি আফতাব হোসেন বলেন, খেজুরগাছ অল্প বয়স থেকে রস দেওয়া শুরু করে। ৩০-৩৫ বছর বয়স পর্যন্ত রস দেয়। পুরোনো গাছ রস কম দিলেও এ সময় রসগুলো খুবই মিষ্টি ও সুস্বাদু হয়। তবে মধ্য বয়সের গাছ থেকে বেশি পরিমাণ রস পাওয়া যায়। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত স্থানভেদে একটি খেজুরগাছ থেকে মাসে ৪০-৫০ কেজি রস পাওয়া যায়।
