গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বাগেরহাট এলাকায় ভাঙা সড়কে এখন ভেলা চলে। সাম্প্রতিক সময়ে বন্যায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বাগেরহাট এলাকায় সড়কের প্রায় ২০০ ফুট হেরিংবন্ড ভেঙে যায়। ভাঙন স্থান পারাপারে স্থানীয়রা এখন ভেলা ব্যবহার করছেন। সরজমিনে দেখা যায়, তিস্তার চরাঞ্চলের পশ্চিম ইচলি, বাগেরহাট শংকরদহ থেকে কাকিনা যাওয়ার এই সড়কটির প্রায় ২০০ ফুট অংশ ভেঙে গেছে। স্থানীয়রা ড্রামের ওপর বাঁশ দিয়ে ভেলা তৈরি করে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দা আসাদুল, দুলাল, মাহবুবসহ অনেকে জানান, কিছুদিন আগেও এখানে অটোরিকশাসহ মাইক্রোবাস চলাচল করেছে। সেই সড়কে এখন পানি। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, সাম্প্রতিক বন্যায় সড়কটি ভেঙে যায়। ফলে চলাচলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এবারের বন্যায় বাগেরহাট এলাকার সড়কটি এক কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি ২০১৮-২০১৯ অর্থবছরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, যেহেতু সড়কের দুই পাশে দুটি প্রাইমারি স্কুল আছে। সেজন্য সড়কটি তাড়াতাড়ি নির্মাণের জন্য চেয়ারম্যানকে একটি প্রকল্প দেওয়ার জন্য বলা হয়েছে।
