সুজানগর (পাবনা) সংবাদদাতা
পাবনার সুজানগর-চিনাখড়া সড়কের দূরত্ব ১১ কিলোমিটার। অথচ এ সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রী প্রতি ভাড়া আদায় করছে ৪০ টাকা। মাত্রাতিরিক্ত ভাড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে চাকরি এবং ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে প্রতিদিন সড়কটি দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী যাত্রী সিদ্দিকুর রহমান জানান, এ সড়কে সিএনজি চলাচল শুরুর প্রথম দিকে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হতো ২০ টাকা করে। কিন্তু গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সড়ক খারাপের অজুহাতে দফায় দফায় ভাড়া বৃদ্ধি করে বর্তমানে যাত্রী প্রতি ৪০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। ভুক্তভোগী আরেক যাত্রী মানিক হোসেন অভিযোগ করে বলেন, শুধু চতুর্থ দফা ভাড়া বৃদ্ধিই নয়, রাত ৮টার পর চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করে থাকেন। এ সময় যাত্রী প্রতি ৫০-৬০ টাকা পর্যন্তও আদায় করা হয়। সিএনজি অটোরিকশা চালক আবুল হাশেম বলেন, সড়ক ভালো না। অন্যদিকে গ্যাসের দাম আগের চেয়ে অনেক বেশি। সে কারণে ভাড়া ৪০ টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, মাত্রাতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
