নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৮

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সতেরশ্রী এলাকায় শুক্রবার বিকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—হাজেরা বেগম (৬০) এবং তার মেয়ে জোত্স্না আক্তার (৩৮)। হাজেরা বেগম বারহাট্টার রায়পুর ইউনিয়নের মৃত আব্দুর রহিমের স্ত্রী।  নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ জানান, হাজেরা বেগম সিংহের বাংলা ইউনিয়নে মেয়ে জোত্স্না আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে মেয়েকে নিয়ে বাড়ির কাছেই রেললাইনের ওপর দিয়ে তারা হাঁটছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬৪ ডাউন লোকাল ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।