পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় শুক্রবার সন্ধ্যায় ডিস লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উজ্জ্বল হোসেন (২৭)। উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উজ্জ্বল বিদ্যুতের খুঁটির ওপর উঠে ডিস লাইনের সংযোগের কাজ করছিল। আকষ্মিক তার হাত বিদ্যুত্ লাইনে লাগলে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাঁশ দিয়ে পিটিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলে সে পুকুরে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুত্স্পৃষ্টে ডিস লাইনের এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
