রাণীনগরে চাষ হচ্ছে কমলা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৮

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরের রঞ্জনিয়া গ্রামে কৃষি অফিসের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কমলা। আবহাওয়া ও মাটি কমলা চাষের উপযোগী হওয়ায় উপজেলায় এই চাষে ব্যাপক সম্ভাবনা আছে বলে জানায় কৃষি বিভাগ। ইতিমধ্যে অনেকেই কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। সরেজমিন রঞ্জনিয়া গ্রামে ঢুকতেই সড়কের পাশে চোখে পড়ে বিশাল সমন্বিত কৃষি বাগান। গাছে গাছে ঝুলে আছে হলুদ কমলা। খেতেও বেশ সুস্বাদু। কমলাচাষি নাইস হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে প্রায় ৩০ বিঘা জমিতে সমন্বিত কৃষি বাগান গড়ে তুলি। উপজেলা কৃষি কর্মকর্তার উত্সাহে প্রায় তিন বছর আগে কমলার চাষ শুরু করি। চলতি বছর আমার গাছে কমলা ধরেছে। কমলাগুলো খেতে সুস্বাদু।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, ‘কৃষকদের নতুন অর্থকরী ফসল চাষে উদ্বুদ্ধ করতে চেষ্টা করে আসছি। এবার পরীক্ষামূলকভাবে কমলার চাষ শুরু করেছি। সমতল ও উঁচু জমি কমলা চাষের জন্য খুবই উপযোগী। বর্তমানে বিক্ষিপ্তভাবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাত বিঘা জমিতে মান্ডারি ও চায়না জাতের কমলার চাষ শুরু করা হয়েছে। গাছগুলোতে কমলা ধরতে শুরু করেছে। এই উপজেলায় কমলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।