শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে শনিবার ১৩ জেলেকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বন আইনে জেলেদের এ জরিমানা করেন। এর আগে ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহলদানে নিয়োজিত স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা মাছ ধরার সময় দুটি নৌকা ও জালসহ ঐ জেলেদের আটক করেন। আটক জেলেরা হলো—জাহাঙ্গীর আকন, হাবিব মাতবর, কালাম শিকদার, সুমন মিয়া, সোহরব হাওলাদার, মনির হাওলাদার, কুদ্দুস হাওলাদার, শহিদুল হাওলাদার, অহিদুল হাওলাদার, সিরাজুল ইসলাম, মনির হাওলাদার, শাহীন এবং খায়রুল ইসলাম। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১৩ জেলেকে আটক করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।
