পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৯

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্র ও শনিবার চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) :চান্দিনায় শনিবার সকালে মাইক্রোবাস দুর্ঘটনায় চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম(২৪) ও একই জেলার মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মাইক্রোবাস যাত্রী মো. ইব্রাহীম (২২)। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঁচবিবি (জয়পুরহাট) :পাঁচবিবির আটাপাড়া রেলগেট এলাকায় শনিবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিবানু (৫৫)। তিনি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত সামান ফকিরের স্ত্রী। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বরগুনা (উত্তর) :বরগুনায় মামার নির্বাচনি পথসভার মিষ্টি আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাগ্নে ইমামুদ্দিনের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে হাসিব (১৪) নামের আরো এক স্কুলছাত্র। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বরগুনা-চালিতালী সড়কের ডাকুয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমামুদ্দিন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নাসির মজলিসের ভাগ্নে। নাসির মজলিস জানিয়েছেন, নির্বাচনি পথসভার মিষ্টি আনতে গিয়েই মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাগ্নে ইমামুদ্দিন মারা গেছে। বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।