নির্মূল কমিটির আলোচনায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। নেতৃবৃন্দ বলেন, ‘২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছে-ক্ষমতায় গেলে আমাদের এই দুটি দাবি পূরণ করা হবে। এ নিয়ে এখন নানারকম টালবাহানা চলছে, যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’ গতকাল মিরপুরে লালকুঠি মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতালে ‘চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস :সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। মিরপুরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনাসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু বলেন, পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে স্বাধীনতাবিরোধীরা। এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার প্রধানের বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে অবশ্যই বিদ্যমান আইন পরিবর্তন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্মূল কমিটির চিকিত্সা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, বর্তমান সংকট মোকাবিলায় স্বাধীনতার পক্ষের শক্তিকে ভেদাভেদ ভুলে সরকারের হাতকে যেমন শক্তিশালী করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও দারুস সালাম থানার সভাপতি এ বি এম মাজহারুল আনাম, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, নির্মূল কমিটির সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন রুবেল, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মিয়া মোহম্মদ লুত্ফর রহমান, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আনসারী, নির্মূল কমিটি মিরপুর ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মির্জা মজিবুর রহমান, পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর পাঠান, নির্মূল কমিটি দারুস সালাম থানার আহ্বায়ক জহিরুল হক, পাঠাগার মিরপুর শাখার সভাপতি শেখ মো. সেলিম রেজা, পাঠাগার মিরপুর শাখার সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুল আনাম প্রমুখ। ধ
