বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হতে দেবে না কৃষক সমাজ :মতিয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন তা সফল হবে না। তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে দেশের কৃষক সমাজ। বিএনপি সরকারের সময় সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। উলটো দিকে বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে পানির দরে সার পৌঁছে দিচ্ছে। সার চাইলে কৃষককে এখন আর মরতে হয় না, সময় মতো সার তাদের দোরগোড়ায় চলে যায়।

গতকাল শনিবার বিকালে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস পালনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সঞ্চালনা করেন কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

বেগম মতিয়া চৌধুরী বলেন, কৃষি ও কৃষক সমাজের সংকটজনক পরিস্থিতিতে নরসিংদী জেলার রায়পুরায় বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক কৃষক সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ১৯৮৯ সালের ৩০ অক্টোবর ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস ঘোষণা করেন। বাংলাদেশের কৃষি ও কৃষকের কল্যাণে তিনি নির্যাতিত ও অবহেলিত কৃষকের কল্যাণে ১১ দফা দাবি উত্থাপন করেন। তত্কালীন সামরিক স্বৈরাচার সরকার সেই দাবি না মানলেও ২১ বছর পর শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সার, কীটনাশক ও কৃষি উপকরণের মূল্য হ্রাস করে প্রতিশ্রুত ১১ দফা দাবি বাস্তবায়ন করেন। মতিয়া চৌধুরী কৃষক লীগকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ৩০ অক্টোবর ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবসটি আজও ধরে রেখে মর্যাদার সঙ্গে পালনের জন্য।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষি উন্নয়নের উপর। তাই তিনি ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ গঠন করেন।