সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিয়েতে খাবার টেবিলে অতিরিক্ত মাংস না দেওয়াকে কেন্দ্র করে বর-কনে পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মৌলভীর দোকানের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ঘটনা নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে উপজেলার ছদাহা পূর্ব কাজীর পাড়া (খামারপাড়া) কালা মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহানের সঙ্গে নোয়াখালীর সুবর্ণচর চরওয়াবদা ৪ ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন ফারুকের মেয়ে মুক্তা বেগমের বিয়ের খাবার-দাবারের আয়োজন চলছিল। এসময় খাবার টেবিলে বর পক্ষের এক ব্যক্তিকে তৃতীয় বার অতিরিক্ত গরুর মাংস এনে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। ঘটনা থামাতে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে বর নিজে এসে মারামারিতে যোগ দেন। এতে স্থানীয়সহ উভয় পক্ষের অনেকেই আহত হন।
মেয়ের চাচা আলাউদ্দিন বলেন, বিয়েতে বর পক্ষের ৩০০ লোককে খাবারের কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত (বর) তাদের ৪০০ জনেরও বেশি মানুষকে খাওয়ানো হয়। এসময় খাবার টেবিলে বর পক্ষের এক ব্যক্তিকে তৃতীয় বার অতিরিক্ত গরুর মাংস এনে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। ঘটনা থামাতে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে বর নিজে এসে মারামারিতে যোগ দেন। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, কনের বাবা জসিম উদ্দিন ফারুক (৪৮), কনের মা রাশেদা বেগম (৩৫), মামা বাবুল (৩০), বর মোহাম্মদ শাহজাহান (২৮), মানিক (২৮), মো. রফিক (৩০), স্থানীয় হুমায়ূন (২০)।
