ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে :শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩০

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হলেও করোনার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। অনেকের অভিভাবক শঙ্কিত আছেন যে, বিদ্যালয়ে পাঠালে তাদের সন্তানরা আবার না করোনা আক্রান্ত হয়ে পড়ে।

এছাড়া অনেক অভিভাবক আছেন আর্থিক অসঙ্গতির কারণে হয়ত বা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে চাচ্ছেন না। আবার করেনাকালীন সময়ে অনেকের বাল্যবিবাহ হয়ে গেছে। তবে আমরা এবং শিক্ষকবৃন্দ সর্বাত্মকভাবে এসব ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত হবে।

তিনি শনিবার চাঁদপুর লেডি প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, পৌর শহিদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ভবনের কাজের ভিত্তি ফলক উন্মোচন এবং ইব্রাহিমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।