হাবিবুলের চোখে ব্যাটিংই ডুবিয়েছে

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩১

 ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা কিন্তু ম্যাচগুলোতে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। শ্রীলঙ্কার সঙ্গে ভালো ব্যাটিং করেছিলাম, তাছাড়া বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারছি না। পারিনি আসলে। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি।’

 জান-ই-আলম, শারজাহ থেকে

বিশ্বকাপ চলার সময়টা দেশেই থাকতে চেয়েছিলেন হাবিবুল বাশার সুমন। ইচ্ছে ছিল জাতীয় ক্রিকেট লিগের খেলা দেখবেন। কিন্তু হুট করেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ওমানযাত্রা আটকে যায়। তখন তড়িঘড়ি করে দলের সঙ্গে ওমানে যেতে হয় হাবিবুল বাশারকে। করোনাকালে নিয়মের বেড়াজালে পড়ে প্রধান নির্বাচক আসতে পারেননি সুপার-১২ পর্বেও। তাই বিশ্বকাপ জুড়ে টাইগারদের সঙ্গে থাকতে হচ্ছে হাবিবুলকে।

পুরো টুর্নামেন্টে দলের সংগ্রামটা দেখেছেন এই নির্বাচক। টানা তিন হারে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে। চর্মচক্ষে দলের পাশে থেকেই সব ব্যর্থতা অবলোকন করেছেন তিনি। দেশ থেকে মনের গভীরে লালন করে আসা আশার সমাধিও দেখলেন হাবিবুল। এমন পারফরম্যান্সে নিজের হতাশা গোপন করেননি তিনি।

সাবেক এই অধিনায়কের মতে, ব্যাটিংই ডুবিয়েছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে তুলে ধরেছেন তিনি। সঙ্গে ছয় ম্যাচে ১২ ক্যাচ মিসও দলের ছন্দ নষ্ট করে দিয়েছে। গতকাল অনুশীলনে ছুটির দিনে নির্বাচক হিসেবে হতাশা প্রকাশ করতে গিয়ে হাবিবুল বলেছেন, ‘হতাশা তো অবশ্যই অনেক। অবশ্যই নির্বাচক হিসেবে তো হতাশা কাজ করেই। আমার যদিও মনে হয় আমরা ওয়ানডেতে খুব ভালো একটা দল। টেস্ট ক্রিকেটে কিছুটা ওঠানামা রয়েছে। টি-২০ ক্রিকেটে আমরা ধারাবাহিক হতে পারছি না। যদিও শেষ তিনটা সিরিজ কিন্তু আমরা জিতেছি। অবশ্যই এখানে একটা বড় আশা ছিল, বিশ্বকাপে সেটা করতে পারিনি।’ সেমির আশা শেষ হলেও বাকি দুটি ম্যাচকে গুরুত্ব দিয়েই খেলতে হবে। ভবিষ্যতের আলোচনা দেশে ফিরেই করতে চান হাবিবুল। আপাতত বিশ্বকাপের শেষটুকু ভালো হোক, এটাই চাওয়া এই নির্বাচকের।

বিশ্বকাপের বিবর্ণ পারফরম্যান্সের জন্য ব্যাটসম্যানদের দায় দিচ্ছেন হাবিবুল। পাওয়ার প্লের ব্যবহার, স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ের জায়গায় প্রত্যাশা মেটাতে পারেননি ব্যাটসম্যানরা। গতকাল হাবিবুল বলেছেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা কিন্তু ম্যাচগুলোতে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। শ্রীলঙ্কার সঙ্গে ভালো ব্যাটিং করেছিলাম, তাছাড়া বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারছি না। পারিনি আসলে। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি।’

মিস ফিল্ডিং, ক্যাচ মিসে বিরক্ত সাবেক এই অধিনায়ক। কথায় সেটি স্পষ্ট, ‘ফিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। মিস ফিল্ডিং আসলে দলের ছন্দটাই নষ্ট করে দেয়।’ হাবিবুলের মতে, বড় আসরে চাপ নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে ক্রিকেটারদের। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, যখন বড় কোনো আসরে আমরা নামি কিংবা ঘরের মাটিতে খেলি, মনস্তাত্ত্বিক চাপ নিতে পারাটা গুরুত্বপূর্ণ। এই চাপ অনেক সময়ই আমরা নিতে পারি না। আমাদের যারা ক্যাচ মিস করেছে, তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার। তাই মিস করছে। গুরুত্বপূর্ণ মুহূর্তের ওই চাপ নিতে পারাটা খুব গুরুত্বপূর্ণ।’