হাসারাঙ্গার হ্যাটট্রিকেও জিতল না শ্রীলঙ্কা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩২

স্পোর্টস ডেস্ক

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচকে শ্রীলঙ্কার পক্ষে টেনে এনেছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। ১৭তম ওভারের প্রথম দুই বলে টেম্বা বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। একটু পরে জানা গেল, হ্যাটট্রিকই করে ফেলেছেন তিনি। কেননা, ১৫তম ওভারের শেষ বলে এইডেন মারক্রামকে তুলে নিয়েছিলেন এই লেগ স্পিনার। সেই ম্যাচই কিনা ডেভিড মিলারের ১৩ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংসের কাছে হেরে গেল লঙ্কানরা। শেষ ওভারে ১৫ রান তোলার কঠিন কাজটি করে ৪ উইকেটের অসাধারণ জয় পায় দক্ষিণ আফ্রিকা।

শারজাহের মন্থর গতি উইকেটে রান কম হবে আগেই আন্দাজ করা যাচ্ছিল। তাই তো স্পিনারদের জন্য বিশ্বকাপটা পোয়াবারো। তাবরাইজ শামসি সেটাই যেন প্রমাণ করলেন। ১৭ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই লেগ স্পিনার। অবশ্য প্রিটোরিয়াসকেও কৃতিত্ব দিতে হবে। শুধু পাথুম নিসাঙ্কার ৭২ রানে টস হেরে ১৪২ রানে অল আউট হয় লঙ্কানরা। জবাবে প্রোটিয়াদের চ্যালেঞ্জের মুখে ফেলেন দুশমন্থ চামিরা। ২৬ রানে ফিরিয়ে দেন দুই ওপেনার ডি কক ও রিজা হেনড্রিকসকে। এরপর এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা। শেষ মুহূর্তে যখন জ্বলে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিপত্তিটা বাধান হাসারাঙ্গা। কিন্তু তার সেই স্পেল শেষ পর্যন্ত  মাটি হয়ে যায় মিলারের পেশিশক্তির কাছে। ১৫ রান প্রয়োজন থাকা লাহিরু কুমারার শেষ ওভারে দুই ছক্কায় মোড় ঘুরিয়ে দেন এই বাহাতি ব্যাটসম্যান। পরে এক বল হাতে রেখেই চার মেরে জয় নিশ্চিত করেন কাগিসো রাবাদা।

রোমাঞ্চকর এই শেষ ওভার নিয়ে টেম্বা বাভুমা বলেন, ‘কিছুটা চিন্তিত ছিলাম, তবে ডেভিডের প্রতি আস্থা ছিল আমার। সে লম্বা সময় ধরে এমনটা করেনি। আর যখন করল, সঠিক সময়েই করল।’ মিলারের ব্যাটে জয় পেলেও দিন শেষে জয়ের নায়ক মিলার। তাকে নিয়ে অধিনায়ক বলেন, ‘শামসি আমাদের জন্য বড় এক অস্ত্র। এই সংস্করণে পুরো বিশ্বে সে-ই কার্যকরিতা দেখিয়েছে এবং তা লম্বা সময় ধরেই করে আসছে।’

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা :১৪২/১০ ২০ ওভার (নিসাঙ্কা ৭২, আসালাঙ্কা ২১, শানাকা ১১; শামসি ৩/১৭, প্রিটোরিয়াস ৩/১৭, নরকিয়া ২/২৭)

দক্ষিণ আফ্রিকা :১৪৬/৬ ১৯.৫ ওভার (বাভুমা ৪৬, মিলার ২৩*, রাবাদা ১৩*; হাসারাঙ্গা ৩/২০, চামিরা ২/২৭)

ফল :দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।

ম্যাচ-সেরা :তাবরাইজ শামসি।

 

টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক

বোলার               দল              প্রতিপক্ষ           সাল

ব্রেট লি                অস্ট্রেলিয়া      বাংলাদেশ         ২০০৭

কার্টিস ক্যামফার    আয়ারল্যান্ড   নেদারল্যান্ডস     ২০২১

ভানিন্দু হাসারাঙ্গা  শ্রীলঙ্কা         দক্ষিণ আফ্রিকা   ২০২১