স্পোর্টস ডেস্ক
বাবর আজমকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন রশিদ খান। পাকিস্তানের জয়ে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম ১০০ উইকেট (৫৩ ম্যাচে) নেওয়ার সেই রেকর্ড অনেকটা আড়ালেই পড়ে যায়। সমর্থকদের মুখে হাসি ফোটাতে না পেরে তাই ম্যাচ শেষে ক্ষমাও চান আফগান লেগ স্পিনার। হারের সেই গ্লানি ভুলে আজ আবারও মাঠে নামতে হবে। আবুধাবিতে তাদের প্রতিপক্ষ নামিবিয়া।
টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের পর সুপার-১২-তেও স্বপ্নের দৌড় অব্যাহত রাখে নামিবিয়া। বাংলাদেশের মতো অভিজ্ঞ দলও যেখানে জয়কে হন্যে হয়ে খুঁজছে, সেখানে প্রথম বার বিশ্বকাপে এসেই চমক দেখায় গেরহার্ড ইরাসমাসের দল। স্কটল্যান্ডকে হারিয়ে দেয় ৪ উইকেটের ব্যবধানে। সেই চমক ধরে রাখতে হলে এবার সাধ্যের বাইরে খেলতে হবে নামিবিয়াকে। আর সেটা খুব ভালোভাবেই জানা ইরাসমাসের, ‘এখান থেকে এবার আমাদের লেভেল উঁচুতে নিতে হবে। আমরা সেই চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত। আশা করি, সেসব দিনে পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারব।’
অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের কাছে হেরেছে শুধুমাত্র দুর্বল পেস অ্যাটাকের জন্য। করিম জানাতের এক ওভারে চার ছক্কা হাঁকিয়ে ম্যাচ ছিনিয়ে নেন আসিফ আলী। সেই ওভার নিয়ে আরেক পেসার নাভিন উল হক বলেন, ‘ঐ ওভারটা ভুল ছিল তার জন্য, সে ভালো বোলিং করছিল। প্রথম তিন ওভারে সে কম রানই দিয়েছে। তবে সেরা একাদশ গঠন করাটা ম্যানেজমেন্ট, অধিনায়ক ও কোচের হাতে।
করিম জানাতের ঐ ওভারের আগে মুজিব-রশিদরা বেশ কাছাকাছি নিয়ে আসে ম্যাচ। সেই ম্যাচ হারলেও আজ মাঠে নামার আগে ইতিবাচকতার অনেক কিছু খুঁজে পাচ্ছেন মোহাম্মদ নবী।
আফগান অধিনায়ক বলেন, ‘আমরা মাত্র দুই ম্যাচ খেলেছি এবং এর মধ্যে একটিতে জিতেছি। আজকের ম্যাচটা ক্লোজ ছিল, দিনশেষে পাকিস্তান জিতেছে। এই ম্যাচে প্রচুর ইতিবাচক দিক আছে। আমরা সেগুলো নিয়ে পরের তিন ম্যাচে মাঠে নামব। ইনশাআল্লাহ আমরা ভালো করব। দলের মনোবল উঁচুতে আছে।’ টি-২০ ক্রিকেটে এখনো মুখোমুখি হয়নি দুই দল। তাই স্পিনের জন্য বিখ্যাত আফগানদের সামনে কখনো পড়তে হয়নি নামিবিয়ানদের। তবে স্পিনটা তারা খারাপ খেলেন না। গতকাল দলটির ওপেনার ক্রেইগ উইলিয়ামস বলেন, আমরা আসলে স্পিন খুব ভালো খেলি। আমাদের দেশে উইকেটগুলো খুব ফ্লাট নয়। সেগুলো নিচু ও মন্থর গতির। বিশ্বকাপের স্পিন অ্যাটাককে সামলানোর আগে আমরা ঘরের মাটিতে শেষ পাঁচ সিরিজে খুব ভালো করিছি। তাই আমাদের প্রস্তুতিটা বেশ ভালোই।’
