বাংলাদেশ সমিতি শারজাহর আয়োজনে মতবিনিময় সভা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩৫

স্পোর্টস রিপোর্টার, শারজাহ থেকে

১৯৭৪ সালে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের প্রত্যক্ষ সহযোগিতায় ঐ বছরই আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সমিতি আত্মপ্রকাশ করে। আবুধাবি, দুবাই, শারজাহতে তিনটি শাখা রয়েছে। শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর স্থানীয় সংবাদমাধ্যম ‘সময়ের সংলাপ’ এর আয়োজনে টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সমিতি শারজাহ অফিসে। যেখানে বাংলাদেশের ৪৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। সমিতির বঙ্গবন্ধু হল রুমে নেতারা প্রবাসীদের সুখ, দুঃখসহ নানা বিষয় তুলে ধরেন। এবং সমিতির কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন। সব সময় বাংলাদেশের পাশে থাকার, উন্নয়নের অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সময়ের সংলাপর সম্পাদক শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।