সাকিবের সাইড স্ট্রেইন সোহান বিশ্রামে

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩৫

স্পোর্টস রিপোর্টার, শারজাহ থেকে

বিশ্বকাপ মিশন কার্যত ধূসর হয়ে গেছে টানা তিন হারে। সুপার-১২ পর্বেই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ। বাকি আছে মাত্র দুটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ম্যাচ খেলেই দেশের পথে বিমান ধরতে হবে ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের শেষ বলে ৩ রানের হারের পর বিশ্রামে আছে বাংলাদেশ দল।

স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে টানা দুই দিন অনুশীলনের পথে পা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোটা দল। গতকাল পড়ন্ত বিকালে মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, গতকাল ও আজ অনুশীলন বন্ধ থাকছে। আগামীকাল দুবাইয়ে অনুশীলন করবে বাংলাদেশ দল।

হারের মিছিলের মধ্যেই বাংলাদেশ শিবিরে হানা দেয় ইনজুরি। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং, ব্যাটিং করতে অনেক কষ্ট হয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের। গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণে আছেন তিনি। আজ তার শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। গুঞ্জন আছে, শেষ দুই ম্যাচে সাকিবকে পাওয়ার সম্ভাবনা কমে এসেছে। ইনজুরির উন্নতি না হলে বিশ্বসেরা অলরাউন্ডারের টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন। সেক্ষেত্রে পরের দুই ম্যাচে তাকে ছাড়াই লড়তে হতে পারে মাহমুদউল্লাহ-মুশফিকদের। টুর্নামেন্টের শেষ দিক বলেই এখন বদলি নেওয়া সম্ভব না, কারণটা হলো করোনায় আরোপিত বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। নতুন কাউকে দলে আনা হচ্ছে না। তাই সাকিব ছিটকে গেলেও হয়তো দলের সঙ্গেই থেকে যাবেন।

ইতোমধ্যে ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাইফউদ্দিনের। পিঠের ইনজুরিতে ভুগছিলেন তিনি। তার বদলি হিসেবে দলে এসেছেন রুবেল হোসেন। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তলপেটে বল লেগেছিল নুরুল হাসান সোহানের। ব্যথা সামলে ইংলিশদের বিপক্ষে আবুধাবিতে খেলেছিলেন তিনি। কিন্তু উইন্ডিজদের বিরুদ্ধে আর নামতে পারেননি। ব্যথা বাড়ায় সোহানকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিত্সকরা। গতকাল বিসিবি জানিয়েছে, আগামীকাল তার ইনজুরির অবস্থা আবার মূল্যায়ন করা হবে।